বরগুনার বামনায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ইট-বালুবাহী টমটমের ধাক্কায় স্কুলশিক্ষিকা আসমা বেগম (৩৫) নিহত হয়েছেন। কোলে থাকা ছোট মেয়েকে রক্ষা করতে গিয়ে তিনি টমটমের চাকায় পিষ্ট হন। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বামনা-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ছবি: বরগুনার নদীতে মাছ ধরার নৌকা (প্রতীকী ছবি)।
নিহত আসমা বেগম বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর গুদিঘাটা গ্রামের মন্নান হাওলাদারের মেয়ে। তিনি স্থানীয় গাজী প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছোট মেয়েকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলেন আসমা বেগম। এ সময় দ্রুতগতিতে আসা ইট-বালুবাহী একটি টমটম তাঁকে ধাক্কা দেয়। মেয়েসহ সড়কে ছিটকে পড়েন তিনি। পরে মেয়েকে রক্ষা করতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হন আসমা বেগম। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনাটি ঘটে ডৌয়াতলা বাজারসংলগ্ন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে। শিক্ষিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁরা বামনা-পাথরঘাটা সড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেন।
স্থানীয়রা টমটমচালক মো. জাহিদকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে এবং নিহত শিক্ষিকার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বামনা থানার পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বরগুনা ২৪, ১৭ নভেম্বর ২০২৬
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি করুন।