ব্রাজিল তারকা নেইমার জুনিয়র রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন। সান্তোস ফরোয়ার্ড জানিয়েছেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

ব্রাজিলের সংবাদমাধ্যম মেত্রোপোলেসের কলামিস্ট ফাবিয়া অলিভেইরার এক প্রতিবেদনে দাবি করা হয়, গত ৬ নভেম্বর সাও পাওলোতে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রির আগে আয়োজিত এক ব্যক্তিগত পার্টিতে নেইমার ও ভার্জিনিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। অনুষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ থাকায় ঘটনার কোনো ছবি বা ভিডিও প্রকাশিত হয়নি।

বিজ্ঞাপন

প্রতিবেদনটি প্রকাশের পর ভার্জিনিয়ার প্রেস অফিস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। বিবৃতিতে আরও বলা হয়, ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গুঞ্জনের জবাব দিতে হচ্ছে ভার্জিনিয়াকে, এমন ঘটনা এবারই প্রথম নয়।

নেইমার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমি সাধারণত এভাবে স্টোরিতে কিছু বলি না, তবে এবার সীমা ছাড়িয়ে গেছে।’ তিনি আরও লেখেন, অন্য একজনের সঙ্গে তাঁকে জড়িয়ে যে খবর ছড়ানো হচ্ছে, তা তিনি অস্বীকার করছেন।

অক্টোবরের মাঝামাঝি ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্কের ইতি টানেন ভার্জিনিয়া। কয়েক দিন আগে তিন সন্তানের বাবা ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে আবার সম্পর্ক জোড়া লাগানোর কথা জানান তিনি। অন্যদিকে নেইমার তাঁর জীবনসঙ্গী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে তৃতীয় সন্তানের অপেক্ষায় আছেন।

পর্তুগিজ সংবাদপত্র এ বোলার তথ্য অনুযায়ী, নেইমার ও ভার্জিনিয়া—দুই পক্ষের প্রতিনিধিরাই প্রকাশ্যে প্রতিবেদনটি অস্বীকার করেছেন। গুঞ্জন ছড়ানোর পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো ছবি বা ভিডিও সামনে আসেনি।

সূত্র: মেত্রোপোলেস, এ বোলা ও টাইক স্পোর্টস, ১৬ নভেম্বর ২০২৬