পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, ২টি বসতঘর ও একটি মন্দির পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একটি খাবারের হোটেল ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা করেন। ভোর পর্যন্ত চেষ্টা চালিয়ে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন। এক ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর রাত সোয়া ১টার দিকে খবর পান বাজারে আগুন লেগেছে। এসে দেখেন দোকানসহ সবকিছু পুড়ে যাচ্ছে।

ওই ব্যবসায়ীর একার ক্ষতি ৭০ থেকে ৮০ লাখ টাকা বলে জানা গেছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন একাধিক ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এগারগ্রাম এলাকায় একটি সেতু ভাঙা থাকায় গাড়ি আটকে যায়। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের একটি ছোট গাড়ি বিকল্প পথে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছাতে না পারায় আরও ৫ থেকে ৭টি দোকান পুড়েছে। নেছারাবাদ ফায়ার সার্ভিস জানিয়েছে, ভাঙা সেতুর কারণে সরাসরি যাওয়া যায়নি।

সূত্র: সংবাদ, ১৬ নভেম্বর ২০২৬